হেফাজতে ইসলামের দেওয়া হরতালের মধ্যে রাজশাহী নগরীর উপকণ্ঠ নওদাপাড়া ট্রাক টার্মিনালে থাকা বিআরটিসির দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার পরে এ ঘটনা ঘটে। পরে রাজশাহী সদরের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ দিকে, হেফাজতে ইসলামের হরতালের সমর্থনে রাজশাহীর কোথাও কোনো মিছিল বা প্রকাশ্যে পিকেটিং লক্ষ্য করা যায়নি।
রাজশাহী সদরের দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার ভার ৬টা ৪০ মিনিটে দমকল বাহিনীর সদস্যরা জানতে পারে ট্রাক টার্মিনালে দুইটি বাসে আগুন লেগেছে। পরে বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বাসগুলো সেখানে সংস্কারের জন্য রাখা ছিল। আগুনের ঘটনায় ট্রাক টার্মিনালের মধ্যে রাখা বিটিআরসির দুইটি বাসের একটির সবগুলো সিট পুড়ে গেছে এবং অপর বাসের দুইটি সিট পুড়েছে।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রুহুল কুদ্দুস জানান, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। পাশাপাশি এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টিতে শাহ মখদুম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হেফাজতের ইসলামের হরতালকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা না করতে পারে সে জন্য পুলিশ বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি বাজার-ঘাট ও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।